স্পোর্টস ডেস্ক : ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচটি জয় দিয়ে রাঙিয়ে রাখতে পারলেন না এবি ডি ভিলিয়ার্স। শেষ দিকে সিকুগে প্রসন্নর ঝোড়ো ব্যাটিংয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।
প্রসন্ন শেষের নায়ক হলেও শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মূলত নিরোশান ডিকভেলা। বুধবার রাতে কেপ টাউনের নিউল্যান্ডসে ১৭০ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে তিনি উপুল থারাঙ্গাকে সঙ্গে নিয়ে ২৫ বলে যোগ করেন ৩৬ রান।
অবশ্য ৯ রানের মধ্যে থারাঙ্গা (২০) ও দিনেশ চান্দিমাল ফিরে গেলে চাপে পড়ে যায় সফরকারীরা। তবে তৃতীয় উইকেটে ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৭১ রানের বড় জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন ডিকভেলা। ইমরান তাহির একই ওভারে ডিকভেলা (৬৮) ও ধনঞ্জয়া (১৯) ফিরিয়ে দিলে অবশ্য ম্যাচে ফেরে স্বাগতিকরা।
জয়ের জন্য শেষ চার ওভারে ৫২ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। তবে প্রসন্নর ১৬ বলে অপরাজিত ৩৭ রানের (৩টি চার, ৩টি ছক্কা) ঝোড়ো ইনিংসে ১ বল বাকি থাকতে রোমাঞ্চকর জয় পায় লঙ্কানরা। ৬ বলে ১১ রানে অপরাজিত ছিলেন আসেলা গুনারত্নে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৯ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ফেরার ম্যাচে ৪৪ বলে ৩ ছক্কা ও ২ চারে ৬৩ রান করেন ডি ভিলিয়ার্স। এ ছাড়া রিজা হেনড্রিকস ৩৪ বলে ৪১, মাঙ্গালিসো মোসেলে ১৭ বলে অপরাজিত ৩২ ও জে জে স্মুটস ১৪ বলে ১৯ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন। কিন্তু স্বাগতিকদের করা ১৭৯ রান টপকে গিয়ে নিউল্যান্ডসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়ল শ্রীলঙ্কা।

