সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে শারমিন খাতুন (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চর হামকুড়িয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শারমিন তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। এ ঘটনার পর থেকে জহুরুল পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, ৪ মাস আগে নাটোরের গুরুদাসপুর উপজেলার রানী গ্রামের সাইদুর রহমানের মেয়ে শারমিন খাতুনকে বিয়ে করেন জহুরুল ইসলাম। বিয়ের পর থেকে জহুরুল যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতেন। রোববার রাতে শারমিনকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে পালিয়ে যান জহুরুল। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল হোসেন জানান, গৃহবধূর শরীরে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে- তাকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

