লালমনিরহাট প্রতিনিধি : জেলার হাতীবান্ধার আরডিআরএস এলাকায় ইটবাহী একটি ট্রাক্টর ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
এ সময় আরো চারজন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম নয়ন হোসেন (৮)। নয়ন উপজেলার সিঙ্গিমারী এলাকার আব্দুস ছালামের ছেলে ও সিঙ্গিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সিঙ্গিমারীর ফরিদ হোসেনের ছেলে মিজানুর রহমান, মিন্টু মিয়ার ছেলে মুজাহিদ ইসলাম, সৈয়দ আলীর ছেলে মানিক হোসেন ও আব্দুস সালামের ছেলে নাহিদ হোসেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোজাউল করিম রেজা খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

