যশোর প্রতিনিধি : যশোরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা উল্টে ৩ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৭ জন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ জন শ্রমিক নিয়ে সিএনজি অটোরিকশাটি যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা এলাকায় পৌঁছায়। শ্রমিকরা সিএনজি থেকে নামার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস এসে ওই সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে বাসের সামনে পড়লে চাপায় ১০ জন শ্রমিকই আহত হন। তাদেরকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর লাভলু মারা যান।
আহতদের মধ্যে ফরিদ ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে ফরিদ ও সোহেলের মৃত্যু হয়। বাকিরা যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ বাসটি আটক করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

