রাজশাহী প্রতিনিধি : রাজশাহী অঞ্চলে তীব্র শৈত্য প্রবাহ হানা দিয়েছে । একদিনের ব্যবধানে তাপমাত্রা ৪ দশমিক ১ ডিগ্রি কমে গিয়ে শনিবার দাঁড়িয়েছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। সকাল ৯টার দিতে রাজশাহীতে দিনের সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এটিই এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, এ মুহূর্তে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্য প্রবাহ।সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তা তীব্র শৈত্য প্রবাহ হিসেবে গণ্য হয়।
ঢাকা আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি জানুয়ারিতে দেশের এ অঞ্চলে অন্তত এক একটি মাঝারি (৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা তীব্র (৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার কথা। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তামপাত্রা ক্রমেই বাড়বে। রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম বলেন, রাজশাহীতে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই-তিন দিন এ অবস্থা বিরাজ করতে পারে।
এদিকে তীব্র শৈত্য প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের এ জনপদ। ঘন কুয়াশার সঙ্গে যুক্ত হয়েছে হিমালয় থেকে আসা হিমেল হাওয়া। সকালের দিকে শীতের তীব্রতা থাকছে বেশি।একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না লোকজন।
শীতের তীব্রতা বাড়ায় বেড়েছে শীতজনিত রোগ। হাসপাতালে এরই মধ্যে ভর্তি হয়েছে তিনগুণ রোগী। আক্রান্তদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। ঠাণ্ডা মোকাবেলায় চিকিৎসকরা বিশেষ সর্তকতার পরামর্শ দিয়েছেন।

