কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় টাকা ও মোবাইল ফোনসহ মহসিন (৪০) ও লুৎফর (৪২) নামে দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটক মহসিন ও লুৎফর বিলগাথুয়া গ্রামের মুজাফফর ও হারেজ উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে সীমান্তের ১৪৯/৩ (এস) পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনে বিলগাথুয়া বিওপির টহল দল। পরে তাদের দেহ তল্লাশি করে ভারতীয় ৮ হাজার ৬১০ টাকা এবং ভারতীয় সিমসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে দুজনকে দৌলতপুর থানায় সোপর্দ করে বিজিবি।

