কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম শামীমকে শুক্রবার দুপুরের দিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। অভিযোগ রয়েছে তিনি এক শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, কাউন্সিলর শামীম হারুয়া এলাকার মৃত মোক্তার আলীর ছেলে। মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেন।
খবর পেয়ে মডেল থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ গিয়ে শামীমকে আটক করে জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

