কুমিল্লা প্রতিনিধি : সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের হুমকি মামলায় কুমিল্লার মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে মেঘনা থানা পুলিশ। তাজ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও।
পুলিশ জানায়, মেঘনা উপজেলার মানিকাচর ইউনিনের করিমাবাদ গ্রামে ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজের কাজ বন্ধ করে দেন তাজ। খবর পেয়ে গত ১৯ ডিসেম্বর ওই ব্রিজ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার সুমী ও অন্যান্য কর্মকর্তারা।
এ সময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের হুমকি প্রদান করেন। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য-সহকারী অনিল সিংহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম শামসুদ্দিন জানান, সরকারি কাজে বাধা ও কর্মকর্তা-কর্মচারীদের হুমকির অভিযোগে দায়েরকৃত মামলায় ওই ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার সুমী বলেন, সরকারি কাজে বাধা এবং আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার কারণে তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

