চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে সোনিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে নগরীর সদরঘাট থানা পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা সোনিয়া আত্মহত্যা করেছেন। তবে ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। সোনিয়া রিকশাচালক আলাউদ্দিনের স্ত্রী।
সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্জিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সে আত্মহত্যা করেছে বলেই পুলিশের ধারণা। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় তার স্বামী আলাউদ্দিন বাসায় ছিল না বলে পুলিশ জানিয়েছে।

