বগুড়া প্রতিনিধি : বগুড়ার শহরতলী বাঘোপাড়া এলাকায় বাসের চাপায় ২ নৃত্যশিল্পীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বগুড়া সদরের ধাওয়াকোলা গ্রামের বাসিন্দা নৃত্যশিল্পী তপু, বগুড়া শহরের ফুলবাড়ী এলাকার বাসিন্দা নৃত্যশিল্পী আশিক ও মহাস্থানগড়ের অটোরিকশার চালক আব্দুর রহিম।
পুলিশ জানায়, বাঘোপাড়া বাজার এলাকায় চলাচল ফিলিং স্টেশনের সামনে চাঁপাইনবাবগঞ্জ থেকে রংপুরগামী বিআরটিসি বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই ২ জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরো ১ জনের মৃত্যু ঘটে।
পুলিশ আরো জানায়, তপু, আশিকসহ ৫ জনের একটি দল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সিএনজিচালিত অটোরিকশায় মহাস্থান থেকে বগুড়া শহরে আসছিলেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

