নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি এলাকায় গ্যাসের আগুনে দগ্ধ মাহফুজা সুলতানা পলি (৪০) মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। তিনি বলেন, পলির শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালী বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ৪ নম্বর রোডের ২৭ নম্বর বাড়িতে গ্যাসের আগুনে দগ্ধ হন পলি। রান্না ঘরে চুলায় আগুন ধরাতে গিয়ে ঘরের ভেতর ছড়িয়ে পড়া গ্যাস থেকে এক বিস্ফোরণ হয়।
পলির স্বামী মোশারফ হোসেন জানান, গ্যাসের আগুন পলির কাপড়ে লাগলে দ্রুত তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

