গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সোমবার ১৭০ কিলোমিটার সড়কে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন গওহরডাঙ্গা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনী ও সন্ত্রাসীদের অমানবিক নির্যাতন, ধর্ষণ ও গণ-হত্যার প্রতিবাদে এই মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।
রোববার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
গওহরডাঙ্গা কওমি মাদরাসা শিক্ষা বোর্ড মহাসচিব মাওলানা শামছুল হকের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি মাকসুদুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ৯ অক্টোবর থেকে প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর যে হামলা চালানো হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। জীবন বাঁচাতে অনেক রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে প্রবেশ করেছে, অনেকে প্রবেশের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ সরকারকে হত্যা বন্ধে পদক্ষেপ গ্রহণসহ জাতিসংঘকে এ অমানবিক নির্যাতন, গণ-হত্যা ও ধর্ষণ বন্ধ করতে এগিয়ে আসতে হবে।
পরে আন্তর্জাতিক আদালতে নির্যাতনকারীদের বিচারের মুখোমুখি করাসহ ৭ দফা দাবি তুলে ধরে আগামীকাল সোমবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মুকসুদপুর-কাশিয়ানী থেকে গোপালগঞ্জ, কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ, মোল্লাহাট থেকে গোপালগঞ্জ, টেকেরহাট থেকে গোপালগঞ্জ এবং নড়াগাতি থেকে গোপালগঞ্জ পর্যন্ত জেলার প্রায় ১৭০ কিলোমিটার সড়কে মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয়।
সাংবাদ সম্মেলন শেষে রোহিঙ্গা মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সহ-সভাপতি মাওলানা কবীরুল ইসলাম, মাওলানা ফরিদ আহমাদ, মুফতি নূরুল ইসলাম, মাওলানা হাসমাতুল্লাহ, মুফতী শহিদুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।

