নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় রিয়াজুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে যাত্রাবাড়ী এলাকার মাতুয়াইল ট্রাক গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে ভোরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিয়াজুলের ছোট ভাই খাইরুল ইসলাম জানান, তিনি (রিয়াজুল) ট্রাক চালাতেন। রাত ৩টার দিকে গাড়ি গ্যারেজে রেখে বাসায় ফেরার পথে গ্যারেজের সামনে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে ভোরে মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, রিয়াজুলের লাশ ঢামেক মর্গে রয়েছে।

