নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচরে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাসভবনে তাকে জখম করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেন।
রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ডালিম বলেন, গত পাঁচ দিন আগে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাটেরচর গ্রামের মনিরুল ইসলামকে ৫০০ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনার জন্য বীর প্রতীক রফিকুল ইসলামকে দোষারোপ করেন মনিরুলের সহযোগী শহীদুল্লাহ। ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী নিয়ে শহীদুল্লাহ তাদের বাড়িতে ঢুকে রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
তিনি জানান, আহত রফিকুল ইসলামকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ১০১ ওয়ার্ডের ১৬ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
রফিকুল ইসলাম বীর প্রতীক গজারিয়া উপজেলার একটি মাদকবিরোধী সংগঠনের উপদেষ্টা। তিনি মুক্তিযোদ্ধা কমান্ডার।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েত-উল-ইসলাম ভূঞার বরাত দিয়ে রবিউল ইসলাম জানান, এ ঘটনায় মঙ্গলবার ভোরে শহীদুল্লাহকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

