নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা করেছে সিএনজি অটোরিকশা চালক ও তার এক সহযোগী। পরে পুলিশ তাদের আটক করেছে।
ওই শিক্ষিকা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি স্কুলে যাওয়ার জন্য অন্যান্য যাত্রীদের সঙ্গে জেলা শহরের বড় মসজিদ মোড় থেকে সিএনজি অটোরিকশায় ওঠেন। পথে ইসলামগঞ্জ বাজারে চালকের পাশে থাকা একজন ছাড়া অন্য যাত্রীরা নেমে যায়।
কিছুদূর যাওয়ার পর চালক দেলোয়ার তার পাশে বসা যাত্রীবেশী ছাত্তারকে অটোরিকশা চালাতে দিয়ে পেছনের সিটে শিক্ষিকার পাশে এসে বসে অশোভন আচরণ করতে থাকেন। এক পর্যায়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় শিক্ষিকা চিৎকার করলে তাকে নামিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তারা।
পেছনে আসা আরেকটি অটোরিকশার চালক বিষয়টি দেখে ফেলেন। তিনি ওই অটোরিকশার নম্বর শিক্ষিকাকে দেন। ওই শিক্ষিকা সুধারাম মডেল থানায় অভিযোগ করলে পুলিশ সিএনজি অটোরিকশার চালক দেলোয়ার হোসেন ও তার সহযোগী আব্দুস ছাত্তারকে সিএনজিসহ আটক করে। দেলোয়ার হোসেন সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের মৃত মো. মোস্তফার ও তার সহযোগী আব্দুস ছাত্তার একই ইউনিয়নের মৃত মো. নূর উদ্দিনের ছেলে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

