টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রামের ধানখেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। উদ্ধারকৃত শিশুটির নাম জুয়েল (৮)। সে ওই গ্রামেরই শহিদুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ভাটাচান্দা কবরস্থান কমিটির উদ্যোগে শুক্রবার রাতে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। রাতে জুয়েল সেই ওয়াজ মাহফিল শুনতে যায়। ওয়াজ মাহফিল শেষে জুয়েল বাড়ীতে ফিরে না এলে আশপাশের সকল এলাকায় খোঁজাখুজি করেও তার খোঁজ মিলেনি। শনিবার সকালে স্থানীয়রা ওই গ্রামের একটি কবরস্থানের পাশে ধান ক্ষেতে চোখ উপড়ে ফেলা অবস্থায় জুয়েলের মরদেহ পরে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

