নিজস্ব প্রতিবেদক : টাকা ছিনতাইয়ের সময় ট্রাফিক পুলিশের এক সদস্যকে আটক করেছেন ব্যবসায়ী। এ সময় অপর এক পুলিশ সদস্য পালিয়ে যান। আটক পুলিশের নাম মো. লতিফুজ্জামান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তর ট্রাফিক বিভাগে কর্মরত রয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে।
শুক্রবার দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘আটক ব্যক্তি ট্রাফিকের দায়িত্বে থাকলেও সে সময় তার সোনারগাঁও মোড়ে থাকার কথা নয়। ছিনতাইয়ের সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।’
থানায় ভুক্তভোগী ডিম ব্যবসায়ী আবদুল বাসির সাংবাদিকদের জানান, শুক্রবার ভোরে লালবাগ কেল্লার মোড় এলাকায় ডিমের চালান সরবরাহ করে তিনি ফিরছিলেন। তেজগাঁও স্টেশন রোডের আড়তে যাচ্ছিলেন তিনি। কিন্তু হোটেল সোনারগাঁও মোড়ে একটি মোটর সাইকেলে (ঢাকা মেট্রো ল ২৭-৪৭৪৩) দুজন আরোহী তার গতিরোধ করে। তাদের পরনে পুলিশের পোশাক ছিল। এদের একজন তার কাছে গাঁজা আছে কি না জানতে চান। তিনি অস্বীকার করে বলেন, তার কাছে ডিম রাখার ২৪০টি খালি ঝুড়ি ও সঙ্গে ৪৪ হাজার টাকা আছে। এরপর লতিফুজ্জামান এবং তার সহকর্মী বাসিরের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় জীবনের ঝুঁকি নিয়ে লতিফুজ্জামানকে জাপটে ধরে ফেলেন বাসির। অন্য পুলিশ সদস্য পালিয়ে যান।
এদিকে সবশেষ খবরে জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ী লতিফুজ্জামানকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন। মামলা নম্বর ২৫।

