নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জীরতলী ইউনিয়নে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহত ওই শিশুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষিতার বাবা জসীম উদ্দিন বলেন, ‘আমার মেয়ে মঙ্গলবার রাতে সদাই কিনতে বাড়ির পাশের দোকানে যাচ্ছিলো, এ সময় একই গ্রামের সবুজ নামের এক বখাটে ফুসলিয়ে তাকে পাশের সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় সে বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে এবং ঘটনা জানায়।’
এরপর বাবা জসীম উদ্দিন রাতে অসুস্থ শিশুটিকে নিয়ে বেগমগঞ্জ থানায় গেলে পুলিশ ওই শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ফারজানা অমি জানান, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
বেগমগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান সাজিদ জানান,এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

