সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে শিরিনা খাতুন (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার বিনোদ ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে শিরিনার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শিরিনা উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে ও তাড়াশ উপজেলার আবুল কালামের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মোক্তার হোসেন শিরিনার পরিবারের বরাত দিয়ে জানান, তিন বছর পূর্বে বিনোদ ভাটরা গ্রামের জাবেদ আলীর ছেলে আবুল কালামের সঙ্গে শিরিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের লোকজন ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছে। যৌতুকের টাকা দিতে না পারায় মাঝে মধ্যেই স্বামী ও তার পরিবারের লোকজনের নির্যাতনের শিকার হতো শিরিনা।
আজ বিকেলে যৌতুকের টাকা নিয়ে স্বামীর সঙ্গে শিরিনার কথা কাটাকাটি হয়। এ সময় স্বামী আবুল কালাম শিরিনাকে লাঠি দিয়ে পেটালে তার মৃত্যু হয়। পরে কালাম ও তার পরিবারের লোকজন শিরিনার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচারণা চালিয়ে পালিয়ে যায়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর রহমান জানান, খবর পেয়ে সন্ধ্যার দিকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।

