সিলেট প্রতিনিধি : সিলেট মহানগরীর সুবিদবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজিকুল ইসলাম রাজু (২২) নামক এক যুবক খুন হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
রাজু সিলেটের বিশ্বনাথ উপজেলার গুলচন্দ সোনাপুর বাজার এলাকার তেরাব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিলেট মহানগরীর বনকলাপাড়ার তার মামা আরশ আলীর বাসায় বসবাস করতেন। তিনি পেশায় নির্মাণশ্রমিক বলে জানা গেছে।
নিহত রাজুর বড় ভাই তাজুল ইসলাম জানান, রাজু শুক্রবার সন্ধ্যায় ওষুধ আনার জন্য সুবিদবাজারে যান। সেখান থেকে ফেরার পথে অজ্ঞাত কয়েকজন যুবক রাজুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাজুকে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

