নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া এলাকার একটি বাসা থেকে আখতার হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে পশ্চিম নাখালপাড়ার ২১৯/৬/২ নম্বর বাসার ছয়তলা ভবনের তৃতীয়তলা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তেজগাঁও থানার উপপরিদর্শক শফি উদ্দীন বলেন, ‘খবর পেয়ে আমরা সকাল ১০টার দিকে ওই লাশ উদ্ধার করি। খোঁজ নিয়ে জানা গেছে, আখতার ওই বাসা থাকতেন না। আমরা ধারণা করছি, হয়ত তিনি ওই বাসার চতুর্থ থেকে ষষ্ঠতলার মধ্যে কোনো এক ফ্লোরে চুরি করার উদ্দেশ্যে গিয়েছিলেন। সেখান থেকে সে তৃতীয়তলার বারান্দায় পড়ে যান। এতে তার মৃত্যু হয়।’
ওই এলাকায় খোঁজ করে তার পরিবার বা কোনো স্বজনকে পাওয়া যায়নি বলে জানান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।’

