পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় অস্ত্র,গুলি ও ধারালো অস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামি ও চরমপন্থি নেতা আবুল কালাম আজাদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, দুটি রামদা উদ্ধার করা হয়। আজাদ ষাটগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)ফারুক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আটঘরিয়া থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ওসি আরো জানায়, সে দীর্ঘদিন পলাতক ছিল। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

