নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নে কৃষ্ণরামপুর গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
আজ শনিবার বিকেলে ওই ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত আলহাক্কু (৩০), আবদুল আলী (৭০), খোদে নেওয়াজ (৩০), রশিদ মিয়া (৩০), রেহেনা আক্তার (৬২) ও আয়েশা আক্তারকে (৭৫) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষ্ণরামপুর গ্রামে পল্লী বৈদ্যুতের নতুন লাইন নির্মাণের জন্য ২০১৪ সালের ১০ আগস্ট গ্রামবাসী জনপ্রতি সাত হাজার টাকা করে চাঁদা তুলে ৬ লাখ ২ হাজার টাকা গ্রামের বাবুল মিয়ার কাছে দেন। দীর্ঘদিন ধরে বিদুৎ সংযোগ না দেওয়ায় এ নিয়ে বারবার গ্রাম্য দরবার করে বাবুলের কাছে টাকা ফেরত চাওয়া হয়। বাবুল মিয়া বারবার টাকা ফেরত দেওয়ার তারিখ করেও ফেরত দেননি। এক পর্যায়ে গ্রামবাসী বাবুলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন।
কিছুদিন আগে আলহাক্কু বাদী হয়ে বাবুল মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কেন্দুয়া এসিল্যান্ডকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন।
এরই জেরে আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাবুল মিয়ার নেতৃত্বে ১৪-১৫ জন ধারালো অস্ত্র নিয়ে মামলার বাদী আলহাক্কু ও তার লোকজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাদের ডাক-চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, দু’পক্ষের মধ্যে সংঘর্ষের কথা শুনেছেন। বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

