নোয়াখালী প্রতিনিধি : টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যানঘাট-নলচিরাঘাট রুটে সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার সকাল থেকে এ রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এতে সারাদেশের সঙ্গে হাতিয়ার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত মো. মঈন উদ্দিন বলেন, টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এমন বৈরী আবহাওয়ায় নৌযান চলাচল ঝূঁকিপূর্ণ ও বিপদজনক। তাই দুর্ঘটনা এড়াতে চেয়ারম্যানঘাট থেকে দক্ষিণ পাড়ের নলচিরাঘাট রুটে চলাচলকারী সকল যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

