যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে ‘গোলাগুলিতে’ আনিসুর রহমান (৩৮) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে উপজেলার বেগারিতলা গ্রামে এ ঘটনা ঘটে। আনিসুর রহমান উপজেলার শ্যামকুড় ইউনিয়নের লাউড়ি গ্রামের আনোয়ার মেম্বারের ছেলে।
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম বলেন, আনিসুর রহমান শ্যামকুড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ছিলেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বেগারিতলা গ্রামে মিজান-মাহফুজ ও আনিসুর গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিল। খবর পেয়ে সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনিসুরকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, আনিসুরের বিরুদ্ধে কৃষকলীগ নেতা শফি কামাল ও যুবলীগকর্মী শাহীন হত্যাসহ ১২টি মামলা রয়েছে।
আনিসুরের ভাই আজিজুর রহমান দাবি করেন, তার ভাই আনিস মণিরামপুর বাজারে রড-সিমেন্টের ব্যবসা করতেন। ৩০ অক্টোবর ভোরে আনিসকে পুলিশ আটক করে। এরপর আজ তার মৃত্যুর খবর পেয়েছি।

