সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ আদালতে হাজিরা শেষে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জেলা সভাপতিসহ ১০ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলায় মঙ্গলবার দুপুরে তাদের সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে আদালতের বিচারক কোহিনুর আরজুমান ও নজরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরা হলেন- জেএমবির সিরাজগঞ্জ জেলা সভাপতি (শায়েখ) জয়নাল আবেদীন (৪৫), কোষাধ্যক্ষ আবু বকর (৪০), সদস্য ইমরান হোসেন (১৮), বোরহান উদ্দিন (২২) লিয়াকত উল্লাহ (৩৮), বরকতুল্লাহ (৩০), সানাউল্লাহ (৪৮), ইসরাফিল (২৪), রুহুল আমীন (৩২) ও আলমাস (৩০)।
প্রসঙ্গত, গত ১ ও ২১ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গা থানায় অভিযান চালিয়ে জেএমবির জেলা সভাপতিসহ ১০ সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাজ থেকে জেহাদি বই, তাজা বোমা, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় উল্লাপাড়া ও সলঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

