ঢাকাTuesday , 18 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাইসেন্স ফিরে পেয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

Link Copied!

standardঅর্থনৈতিক প্রতিবেদক : অবশেষে প্রায় এক বছর পর লাইসেন্স ফিরে পেয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটির জনসংযোগ শাখা এই তথ্য জানিয়েছে। ২০১৫ সালের ১৫ নভেম্বর বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা (আইডিআরএ) কোম্পানিটির লাইসেন্স বাতিল করে।
এরপর সরকারের কাছে লাইসেন্স ফিরে পেতে আবেদন জানায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কোম্পানিটির লাইসেন্স পুনরায় দেয়।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান। সে হিসেবে কোম্পানিটির সঙ্গে অসংখ্য বিনিয়োগকারী ও বিমাগ্রহীতার ভাগ্য জড়িয়ে রয়েছে। সে বিষয় চিন্তা করে সম্প্রতি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের স্থগিত লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয় বলে কেউ কেউ মন্তব্য করেছেন।
এর আগে, পুনঃবিমা সংক্রান্ত ব্যাপক অনিয়মের কারণে গত বছরের ২১ জুন থেকে তিন মাসের জন্য স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লাইসেন্স স্থগিত করে আইডিআরএ। পরে কোম্পানি হাইকোর্টের দ্বারস্থ হলে আইডিআরএ’র নির্দেশনা ছয় মাসের জন্য স্থগিত করেন আদালত।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায় আইডিআরএ। পরে চেম্বার বিচারপতি শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন। আর বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। গত ৩০ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে চেম্বার আদালতের আদেশ বহাল রেখে আইডিআরএ’র সিদ্ধান্তকে বৈধতা দেন আপিল বিভাগ।
এদিকে, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লাইসেন্স বাতিল হলেও যথারীতি লেনদেন চালু রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির। তবে প্রতিষ্ঠানটি ২০১৫ হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদন এখনো চূড়ান্ত করতে পারেনি। তাই ডিভিডেন্ডের ঘোষণাও আসেনি। যদিও কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে হিসাব জমা দেওয়ার সময় বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। ২৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ১৫৭। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫২ দশমিক ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৭ দশমিক ৫৭ শতাংশ শেয়ার। অবশিষ্ট ১০ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে।
এদিকে লাইসেন্স ফিরে পাওয়ার খবরে আজ কোম্পানিটির শেয়ারের দর ৯ দশমিক ৬৩ শতাংশ বা দেড় টাকা বেড়ে ১৭ দশমিক ১০ টাকায় লেনদেন করছে।