নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছার আট রাজাকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য ১৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। সোমবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম।এর আগে গত ১৭ সেপ্টেম্বর এই আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। এই আটজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, লুটপাট, অপহরণসহ আটটি অভিযোগ আনা হয়েছে।
আট আসামির মধ্যে রেজাউল করিম, এবিএম ইউনুস আলী মৌলভী, মো. ইউনুস আলী ও মো. ওমর ফারুক গ্রেপ্তার হওয়ার পর কারাগারে রয়েছেন। বাকি চার আসামি মো. বেলায়েত হোসেন, মো. নাসির উদ্দিন, মো. ইসমাইল ও কাজী বদরুজ্জামান পলাতক রয়েছেন।

