রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর উপকণ্ঠ সিটিহাটে ভটভটি টেম্পুর লাইনম্যানের লাঠির আঘাতে মো. তইজুদ্দিন (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন।
রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাইনম্যান মতি ওরফে রবি দাসকে (৪০) আটক করেছে পুলিশ।
নিহত তইজুদ্দিনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নতুন মধুপুর গ্রামে। তার বাবার নাম মৃত আবদুল মজিদ। আর আটক লাইনম্যান রাজশাহী মহানগরীর শিল্পীপাড়া সুজানগর এলাকার মৃত কোয়েল দাসের ছেলে।
নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, লাইনম্যান মতির কাজ হল পশুহাটে আসা গাড়িগুলোকে শৃঙ্খলার সঙ্গে চলতে সাহায্য করা। দুপুরে তইজুদ্দিন তার ভটভটিতে করে হাটে গরু নিয়ে আসেন। ভটভটি থেকে গরু নামাতে কিছুটা দেরি হলে লাইনম্যান মতি তাকে দ্রুত গরু নামাতে বলেন।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মতি তার হাতে থাকা লাঠি দিয়ে তইজুদ্দিনের কাঁধে আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দেয়। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ওসি আরো জানান, ঘটনার পরই হাটে গিয়ে লাইনম্যান মতিকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তইজুদ্দিনের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যরা থানায় আসার পর মামলা করা হবে।

