সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিষপানে গৃহবধূর আত্মহত্যার পর তার দুগ্ধপানে শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো তালা উপজেলার মুড়াগাছা গ্রামের শহিদুল মোড়লের স্ত্রী ময়না বেগম (২৬) ও তার শিশুপুত্র হাসানুর রহমান (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে শহিদুল মোড়ল তার শ্বশুরবাড়ি তালা উপজেলার বালিয়া গ্রামে অবস্থান করছিলেন। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে গৃহবধূ ময়না বেগম স্বামীর ওপর অভিমান করে বিষপান করেন। কিছুক্ষণ পর শিশুপুত্র হাসানুর রহমান মায়ের বুকের দুধ পান করে। ফলে মায়ের শরীরে ছড়িয়ে পড়া বিষের প্রতিক্রিয়া তার শরীরেও দেখা দেয়। এরপর একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা দুজন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছগির মিঞা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর ৩টার দিকে এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে।

