ঢাকাWednesday , 12 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ পবিত্র আশুরা

Link Copied!

minarনিজস্ব প্রতিবেদক : পবিত্র আশুরা আজ। এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। দেশে দেশে মুসলিম সম্প্রদায় বিশেষ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দিবসটি পালন করছে। বাংলাদেশেও এ দিবস পালনে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুরান ঢাকায় মঙ্গলবার তাজিয়া মিছিল বের হয়েছে । আজও তাজিয়া মিছিল হবে।
দিবসটিতে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুরান ঢাকার হোসেনি দালান ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিকে শোক পালনের নামে অতিরঞ্জন ও বাড়াবাড়ি রকমের মাতম না করার অনুরোধ জানানো হয়েছে।
লোকজন আতঙ্কিত হয় এমন কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাজিয়া মিছিলে জিঞ্জির, দা, ছুরি, ব্লেড ইত্যাদি ধারালো জিনিস বহন নিষিদ্ধ করা হয়েছে। আতশবাজি, পটকা ফোটানোও নিষিদ্ধ করা হয়েছে। ধানমণ্ডি, মোহাম্মদপুর ও মিরপুরে ইমামবাড়ায়ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ।
দিবসটি উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন, বাংলাদেশ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে `ঈমানিয়াত ইনসানিয়াত সুরক্ষা সমাবেশ ও বরকতময় সালাতু সালাম মাহফিল’ এর আয়োজন করেছে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সামনে তাজিয়া সমাবেশের আয়োজন করা হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে বুধবার সরকারি ছুটি।
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদেরকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে, প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে চলার। পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সকলের জীবনে প্রতিফলিত হোক, এ প্রত্যাশা করি।
রাষ্ট্রপতি বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এখানে হানাহানি, হিংসা, দ্বেষ বা বিভেদের কোনো স্থান নেই। পবিত্র আশুরার এই দিনে আমি সাম্য, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
প্রধানমন্ত্রী তার বাণীতে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।
পবিত্র আশুরা উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি রেডিও-টিভি চ্যানেল এই দিনের তাৎপর্য নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে।
১ হাজার ৩৩৬ বছর আগে এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসেইন (রা.) কারবালা প্রান্তরে শহীদ হন। ১০ মহরম হজরত ইমাম হোসেইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণ করে মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল।
কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত শিক্ষা সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায়।