স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামীকাল সকালে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি। দক্ষিণ আমেরিকা অঞ্চলে নিজেদের সেরাটা জানান দিতে আগামীকাল দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামছে আর্জেন্টিনা। তাকে ছাড়াই পেরুর বিপক্ষে চ্যালেঞ্জ নিতে দল প্রস্তুত বলে জানিয়েছেন আর্জেন্টিনা কোচ এদোগার্দো বাউজা।
লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নেমে পুরোনো কুঁচকির ইনজুরিতে চোট লাগে মেসির। ফিটনেস ফিরে পেতে এখন ডাক্তারি পরামর্শে রয়েছেন তিনি। পেরুর বিপক্ষে দলের সেরা তারকা মেসিকে ছাড়াই খেলতে নামবে আর্জেন্টিনা।
তবে সেরা তারকা না থাকলেও দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী বাউজা। মেসির অনুপস্থিতিতে জুভেন্টাস তারকা পাউলো দিবালা ও ম্যাথিয়াস ক্যারনভিতরকে বিকল্প হিসেবে মাঠে নামানোর কথা জানিয়েছেন বাউজা।
এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে বাউজা জানান, ‘সেরা তারকার অনুপস্থিতিতে এই ম্যাচটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। দলের অন্য খেলোয়াড়দেরও এটি বড় একটি চ্যালেঞ্জ। তবে যাই হোক আমি আশা করি ইনজুরি কাটিয়ে নভেম্বরে ব্রাজিল এবং কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে। পেরুর বিপক্ষে তাকে ছাড়াই খেলার প্রস্তুতি নিয়েছি আমরা।’

