বিনোদন প্রতিবেদক : ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান। দ্বিতীয়বারের মতো বাংলাদেশের সিনেমায় গান গাইলেন এই সংগীতশিল্পী। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’ শিরোনামের সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘মন বাসা খালি ছিল’শিরোনামের এ গানের মাধ্যমে দ্বিতীয়বারের মতো ঢাকার চলচ্চিত্রে প্লে-ব্যাক করলেন তিনি।
‘শিলা কি জাওয়ানি’খ্যাত এই পপ তারকা গত ১৪ সেপ্টেম্বর মুম্বাইয়ের ওয়াও অ্যান্ড ফ্লুট আর স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন করেন। গানটির কথা লিখেছেন- মুম্বাইয়ের গীতিকার রবি বাসনেত। সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ূন।
এ প্রসঙ্গে সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন বলেন, ‘সুনিধি চৌহানের মতো শিল্পীর কাজ করাটা স্বপ্নের মতো মনে হচ্ছে। এ কাজের জন্য পরিচালক ইফতেখার ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আশা করছি, গানটি শোনে সবাই আমাকে নতুন করে জানবেন। গানের রেকর্ডিং শেষে সুনিধি আমার অনেক প্রশংসা করেছেন, যা সত্যি আমার জীবনের বড় পাওয়া।’
চিত্রনায়িকা ববি প্রযোজিত ও অভিনীত এই গানের শুটিং হবে আগামী মাসের প্রথম সপ্তাহে ইউরোপের আইসল্যান্ডে।

