বরগুনা সংবাদদাতা : বরগুনায় হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আবু তাহের এ রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার খুড়িয়ার খেয়াঘাট গ্রামের গরু ব্যবসায়ী নয়া মীয়াকে ২০১২ সালের ১০ এপ্রিল রাতে অপহরণ করে একই গ্রামের শহীদুল ইসলামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে শহিদুলের বাড়িতে নয়া মিয়াকে বারেক, বশির, মোয়াজ্জেম, রব ও মজিবর মারধার করে। ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১১ এপ্রিল নয়া মিয়ার বড় ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শহিদুল, বারেক, বশির ও মোয়াজ্জেমকে মৃত্যুদণ্ড এবং রব ও মজিবরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

