নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ধানমন্ডির ৪ নম্বর রোডের ৩৪/এ বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন আবেদ আলী (৫০), সাদ্দাম হোসেন (২৮), আব্দুর রাজ্জাক (৫০), মাসুম আলী (২৪) রাজ্জাক (২৩) ও শিরিন আক্তার (২৭)। ওই বাড়ির ভাড়াটিয়া রাকিবুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ ছয়জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ফায়ার সার্ভিস কন্ট্রলরুম অপারেটর জিয়াউর রহমান বলেন, অতিরিক্ত গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ থেকে লাগা আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, আগুনে আবেদ আলীর শরীরের ৩৮ শতাংশ, সাদ্দাম হোসেনের ৩০ শতাংশ, আব্দুর রাজ্জাকের ৩৮ শতাংশ, মাসুম আলীর ৪৯ শতাংশ, রাজ্জাকের ২৭ শতাংশ, শিরিন আক্তারের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

