স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২বার ম্যাচসেরার মুকুট পড়েছেন সাকিব আল হাসান। রোববার সাকিবের মুকুটে একটি পালক বেড়েছে। সাকিবের ক্রিকেট ক্যারিয়ার অনেক দিনের।
সে তুলনায় মুস্তাফিজের ক্যারিয়ার খুব বেশিদিনের নয়। এরই মধ্যে মুস্তাফিজ জিতে নিয়েছেন ৩টি ম্যাচসেরার পুরস্কার। সাকিবের দাবী মুস্তাফিজ আসায় ম্যাচসেরার পুরস্কার এখন তার পাওয়া হচ্ছে না। অনেকেটা মজা করেই এ দাবি রোববার সংবাদ সম্মেলনে করে বসেন সাকিব।
বিরতির পর ম্যাচসেরার পুরস্কার পাওয়া প্রসঙ্গে সাকিবের ভাষ্য,‘মুস্তাফিজ নাই তো…।’ দুই বছর বিরতির পর বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে স্বস্তি পেয়েছেন সাকিব। পকেটে পুরেছেন ১ হাজার ডলার। সর্বশেষে ২০১৪ সালের নভেম্বরে পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার।
রোববার আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট হাতে ৪৮ ও পরবর্তীতে বল হাতে ২৬ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন সাকিব। এ কারণে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। ভালো খেলার স্বীকৃতি পেয়ে সাকিব খুশি। কিন্তু দল জিতেছে সেখানে অবদান রাখতে পেরেই বেশি আনন্দিত সাকিব।
এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘যে কোনো অর্জন বা স্বীকৃতি পেলে তো ভালো লাগে। তবে মূল কাজ হলো দলে অবদান রাখা। নিয়মিত অবদান রাখলে ফল এমনিতেই আসবে। এটা আসলে চিন্তা করার বিষয় নয়। ম্যান অব দ্য ম্যাচ তো কেউ বলে কয়ে হতে পারে না। অবদান রাখার চেষ্টা করতে হয়, দিন শেষে সব থেকে বেশি অবদান রাখতে পারলে সেরা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।’

