স্পোর্টস ডেস্ক : রোববার আফগানিস্তানের বিপক্ষে বিরল রেকর্ড গড়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২ উইকেট নিয়ে সাকিব এখন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। অনেক আগের থেকেই টেস্টে ও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হিসেবে শীর্ষস্থানে ছিলেন সাকিব।
এবার ওয়ানডেতে শীর্ষস্থানে চলে আসায় তিন ফরম্যাটেই শীর্ষে সাকিব। অনন্য এ অর্জনে খুশি সাকিব। তবে জানালেন ব্যাটিংয়ে শীর্ষস্থানে থাকতে পারলে তার ভালো লাগত।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘ভালো লাগছে যে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। তবে তিন ফরম্যাটে সর্বোচ্চ রান স্কোরার হলে আরও ভালো লাগত। শেষ ১ বছরে দল এত ভালো খেলছে যে ব্যাটিংয়ের সুযোগ হচ্ছে না । সেটা না হলে হয়তো ব্যটিংয়েও তিন ফরম্যাটে সবচেয়ে বেশি রান থাকত (হাসি)।’
বোলিংয়ের থেকে ব্যাটিংয়ে শীর্ষে থাকতে পারলে বেশি খুশি হতেন সাকিব। কিন্তু এখনও তার সেই সুযোগটি আছে। তিন ফরম্যাটেই ব্যাটিংয়ের শীর্ষে আছেন তামিম ইকবাল। টেস্টে তামিমের রান ৩১১৮, সাকিবের ২৮২৩। ওয়ানডেতে তামিমের ৪৭৯৩ ও সাকিবের ৪৪৪৬। টি-টোয়েন্টিতে তামিমের ১১৫৪, সাকিবের ১১০৩। সব মিলিয়ে তিন ফরম্যাটে তামিমের রান ৯০৬৫, সাকিবের ৮৩৭২। দুজনের ব্যবধান ৬৯৩।
সাকিব এখনও আশা ছাড়েননি। বললেন, ‘ব্যাটিংয়ে শীর্ষে থাকলে অর্জনটা অনেক বড় মনে হতো। তবে এখনও সুযোগ আছে। দেখা যাক, ক্যারিয়ার শেষ হতে হতে কোন অবস্থায় যাই।’
ব্যক্তিগত অর্জনে বাংলাদেশের অন্যান্য খেলোয়াড় থেকে অনেক এগিয়ে সাকিব আল হাসান। কিন্তু তার কাছে দলের হয়ে অবদান রাখতে পারাই বড় কথা। এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘ব্যক্তিগত অর্জন অবশ্যই ভালো লাগে। তবে আল্টিমেটলি ফোকাস থাকে দলে কতোটা অবদান রাখতে পারি এবং দলের প্রয়োজনে কতোটা ভালো খেলতে পারি। কেউ সামনে থাকবে, কেউ দ্বিতীয় হবে, কেউ তৃতীয় হবে, ওসব নিয়ে আমার ভাবনা নেই। গুরুত্বপূর্ণ হলো দলের জন্য অবদান রাখতে পারা। সব সময়, সব ক্ষেত্রে আমার ফোকাস সেখানেই থাকে।’

