স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির চোট নিয়ে আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজার মন্তব্যের জন্য বার্সেলোনার কাছে ক্ষমা চেয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন(এএফএ)। গত বুধবার রাতে ন্যু ক্যাম্পে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি। কুঁচকির এই চোটের কারণে আগামী তিন সপ্তাহ খেলতে পারবেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এরপরেই বার্সেলোনা ঠিকমতো মেসির যত্ন নেয় না দাবি করে আর্জেন্টিনা কোচ বাউজা ফক্স স্পোর্টসকে বলেছিলেন, ‘মেসিকে দেখভাল করার জন্য বার্সা আমাদের বার্তা পাঠিয়েছিল, কিন্তু মনে হচ্ছে তারা নিজেরাই তার পর্যাপ্ত যত্ন নিচ্ছে না। এটা আসলেই অদ্ভুত ব্যাপার যে, মেসির সমস্যা থাকলেও তাকে প্রতিটি ম্যাচ খেলাচ্ছে তারা।’
পরে অবশ্য স্পেনের ক্রীড়া দৈনিক স্পোর্ত-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বাউজা বলেন, বার্সেলোনার সঙ্গে তার লড়াই করার কোনো ইচ্ছে নেই। সংবাদমাধ্যমে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।
দুই পক্ষের মধ্যে এই টানাপোড়েন দূর করতে এগিয়ে এসেছে এএফএ। বার্সেলোনার মুখপাত্র জোসেফ ভিভেস শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘এএফএ ইতিমধ্যে বার্সেলোনার সঙ্গে যোগাযোগ করেছে এবং মেসির চোট নিয়ে কোচ বাউজার করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছে। এএফএ জানিয়েছে, বাউজার কোনো “খারাপ উদ্দেশ্য” নেই, তবে তার মন্তব্যটা “দুর্ভাগ্যজনক”।’
মেসির দেখভাল নিয়ে এএফএ ও বার্সেলোনা একসঙ্গে কাজ করা উচিত জানিয়ে ভিভেস বলেছেন, ‘আমরা একসঙ্গে কাজ করতে চাই, যাতে লিও মেসি যত দ্রুত সম্ভব সেরে উঠতে পারে।’

