নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ানবাজারে বাসের ধাক্কায় রবিউল আউয়াল (১০) নামের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষ করে রাস্তা পার হতে গেলে বাসটি তাকে ধাক্কা দেয়। ঘটাস্থলেই তার মৃত্যৃ হয়।হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, সড়ক বিভাজকের কাঁটাতারের মাঝের কাটা অংশ দিয়ে রাস্তা পার হতে যাচ্ছিল রবিউল। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তার মা রানু বেগম ঘটনাস্থলে আসেন।
রবিউল আউয়াল স্থানীয় আম্বর শাহ মাদ্রাসায় পড়ত। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পেছনে কাজীপাড়ায় তাদের বাসা।
কারওয়ানবাজার সংলগ্ন রাস্তা পায়ে হেঁটে পারাপার বন্ধে সম্প্রতি সড়ক বিভাজকে কাঁটাতার দেওয়া হয়। তবে এর কিছু অংশ কাটা ছিল। এ অংশ দিয়েই মানুষ রাস্তা পারাপার হয়।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘাতক বাসটিকে আটক করা যায়নি। শিশুটির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে দেওয়া হবে।

