স্পোর্টস ডেস্ক : অবশেষে জামিনে মুক্তি পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার নুয়ান কুলাসেকারা। সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। লঙ্কান এ বোলারের জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
কুলাসেকারার জামিন নিয়ে এক বিবৃতিতে এসএলসি জানায়, ‘প্রাথমিক তদন্তের পর দেখা যায়, কুলাসেকারা ক্যান্ডি থেকে কলম্বোতে ফিরছিলেন। এমন সময় দুর্ভাগ্যক্রমে একজন মোটরসাইকেল আরোহী বিপরীত দিক থেকে একটি বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কুলাসেকারার পথে এসে পড়ে।’
কুলাসেকারার গাড়ির সঙ্গে মোটরসাইকেল আরোহীর দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থালেই ওই আরোহী মারা যান। পরে কুলাসেকারাকে পুলিশ গ্রেফতার করে ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করে।
প্রসঙ্গত, সীমিত ওভারের ক্রিকেটে ঠিকমতো নজর দিতে গত জুনে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন ৩৪ বছর বয়সি কুলাসেকারা।

