বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। ফোবিয়া, বাদলাপুর, মাঝি-দ্য মাউন্টেন ম্যান এবং স্বল্পদৈর্ঘ্য অহল্যা সিনেমায় অনবদ্য অভিনয় গুণে দর্শকের মন জয় করেছেন। কিছুদিন আগে ফাঁস হয় রাধিকা আপ্তের পার্চড সিনেমার একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও। এরপর তা অনলাইনে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে এতোদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন তিনি।
সম্প্রতি ল্যাকমি ফ্যাশন উইকে শো স্টপার হিসেবে হাজির হয়েছিলেন রাধিকা। সেখানে তাকে তার নগ্ন ভিডিও প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমি নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে আবিষ্কার করতে চাই। বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে আমি সেই সুযোগও পাচ্ছি। আর পার্চড’র কোনো দৃশ্য তো ফাঁস হয়নি। বরং সিনেমাটি বিদেশে মুক্তি পেয়েছে। আর নেতিবাচক মন্তব্যের ভয় আমি পাই না। চুপ করে থাকলে তো লোকে নেতিবাচক কথাই বলবে। আমি যা বিশ্বাস করি তাই করেছি। ডাবল স্ট্যান্ডার্ড হতে পারব না।’
এর আগে পার্চড সিনেমায় রাধিকার সহ-অভিনেতা আদিল হোসেন বিষয়টি নিয়ে বলেছিলেন, ‘আপনারা শুধু যৌনদৃশ্যই ফাঁস করলেন কিন্তু সিনেমার অন্য সুন্দর দৃশ্য ফাঁস করলেন না। এতে বোঝা যায় আমাদের সমাজের মানুষ যৌনতায় কতটা আচ্ছন্ন।’
তিনি আরো বলেছিলেন, “ভিডিওটির সবচেয়ে মজার বিষয় এর শিরোনাম। এটির নাম দেওয়া হয়েছে ‘রাধিকা আপ্তে সেক্স সিন’ কিন্তু ‘আদিল হুসাইন সেক্স সিন’ দেওয়া হয়নি। এর মানে যখন একজন পুরুষ কাজটি করে তখন এটি কোনো ঘটনা নয় আর নারী করলেই তা ঘটনা। তখন তা হয়ে যায় যৌন দৃশ্য। এটাই প্রমাণ করে আমরা কি ধরনের পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি। কিন্তু পশ্চিমা দেশগুলোতে সিনেমায় এ ধরনের দৃশ্য স্বাভাবিকভাবে দেখানো হয়।”

