স্পোর্টস ডেস্ক : ম্যারাডোনার খোঁচাটাই বোধহয় তাতিয়ে দিয়েছিল লিওনেল মেসিকে!
তাইতো ঊরুতে ব্যথা নিয়েও শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলতে নামেন বার্সেলোনা সুপারস্টার। ঘরের মাঠে এ ম্যাচে মেসির একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
কোপা আমেরিকায় ব্যর্থতার জেরে অবসরের পর আবারও জাতীয় দলে ফিরেছেন মেসি। ফিরেই দলকে জয় এনে দিয়ে আর্জেন্টিনা সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। দলের জয়ের পর ম্যারাডোনার সমালোচনার জবাব দিয়ে জানান, অবসর নিয়ে কোনো ছলনা করেননি তিনি।
জাতীয় দলের জার্সিতে মেসিকে সেই পুরনো বিধ্বংসী রূপে দেখে তার প্রশংসায় মেতেছেন লুইস সুয়ারেজও। আর্জেন্টিনার বিপক্ষে উরুগুয়ে হারলেও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার প্রশংসা করতে কার্পণ্য করেননি সুয়ারেজ। বার্সেলোনায় মেসির সঙ্গে খেললেও মেসিকে ছাড়া আন্তর্জাতিক ফুটবল নিরস বলে মনে করেন।
গোলকে দেওয়া সাক্ষাতকারে সুয়ারেজ বলেন, ‘আমি আনন্দিত, কারণ সে (মেসি) আমার বন্ধু। আমি জানি আর্জেন্টিনার জন্য সে কীভাবে খেলে। আমি সর্বোপরি ফুটবলের জন্য আনন্দিত। কোপা আমেরিকা এবং বিশ্বকাপের মতো আসরগুলোতে তার অনপুস্থিতি নিরস জায়গা মনে হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক আসরগুলোতে বিশ্বসেরা তারকার থাকা দরকার। এটা প্রত্যেকের ওপরই ভালো প্রভাব বিস্তার করে।’
বার্সেলোনায় নিজেদের খেলা নিয়ে সুয়ারেজ বলেন, ‘আন্তর্জাতিক বিরতির পর আমরা নেইমারকে পাওয়ার অপেক্ষায় রয়েছি। মাঠে আমাদের তিনজনের (মেসি, নেইমার, সুয়ারেজ) বোঝাপড়াটা দারুণ হয়। আশা করছি এই মৌসুমে আমরা আরো শীর্ষে উঠতে পারব।’

