নিজস্ব প্রতিবেদক : অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশের নতুন বোলিং কোচ। মাশরাফি-মুশফিকদের বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার নিশ্চিত করেছে, ওয়ালশের সঙ্গে তাদের ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে। আগামী সপ্তাহে তিনি ঢাকায় আসতে পারেন।
বাংলাদেশের দায়িত্ব নিয়ে দারুণ রোমাঞ্চিত ৫৩ বছর বয়সি ক্যারিবীয় কিংবদন্তি।
মাশরাফিদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন জানিয়ে ওয়ালশ বলেছেন, ‘বিসিবিতে স্পেশালিস্ট বোলিং কোচ হিসেবে যোগ দিয়ে আমি রোমাঞ্চিত। দলটার সঙ্গে কাজ শুরুর জন্য মুখিয়ে আছি আমি।’
ক্যারিবীয় কিংবদন্তি আরো বলেন, ‘দূর থেকে কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করে বুঝেছি, দারুণ প্রতিভাবান সব ক্রিকেটার আছে ওখানে। প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে অসাধারণ কাজ করেছে। আশা করি, ওর স্কিলের সঙ্গে যোগ্য সঙ্গ দিয়ে উন্নতির ধারাটা ধরে রাখতে পারব আমি।’
বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম নির্বাচক ছিলেন। এবারই প্রথম তাকে কোচের ভূমিকায় দেখা যাবে। এমন সুযোগ হাতছাড়া করতে চাননি ওয়ালশ, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে নির্বাচক হিসেবে কাজটা আমি দারুণ উপভোগ করেছি। সুযোগটা দেওয়ার জন্য ওদেরকে ধন্যবাদ জানাই। অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ আমার ঘর। কিন্তু প্রতিভাবানদের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগটা হাতছাড়া করতে চাইনি।’

