আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ায় দখলকৃত এলাকা থেকে পিছু হটার পর চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৭২টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব কবরে কয়েক হাজার মানুষের মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) নিজস্ব কিছু সাক্ষাৎকার ও ছবিতে তথ্য উঠে এসেছে।
আইএসের হত্যাকাণ্ডের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় অনুসন্ধানী জরিপ। তবে ধারণা করা হচ্ছে আইএস পরাজিত হলে এমন আরো কবরের সন্ধান পাওয়া যেতে পারে।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে সিরিয়া ও ইরাকে আইএসের হাতে নিহত ব্যক্তির সংখ্যা ৫ হাজার ২ শ থেকে ১৫ হাজার পর্যন্ত বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ায় কয়েকটি স্থানে ১৭টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব কবরের এক একটিতে কয়েকশ’ মৃতদেহ রয়েছে।
অল সোর্স এনালাইসিস নামে একটি ছবি সরবরাহকারী গোয়েন্দা প্রতিষ্ঠান স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে জানিয়েছে, ইরাকের মসুলের কাছাকাছি বাদাউস কারাগারে ৬শ’য়ের বেশি বন্দির মৃত্যু হয়েছে।
আইএসের এসব হত্যাকাণ্ডের মাত্র একটির বিচার সম্ভব হয়েছে। ক্যাম্প স্পেইসারে মেশিনগান দিয়ে একসঙ্গে ১ হাজার ৭০০ ইরাকি সেনাকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় গত ২১ আগস্ট ৩৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

