ঢাকাSunday , 28 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশকে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগিয়ে নেওয়াই লক্ষ্য

Link Copied!

hasina1নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি খাতের উন্নয়ন ছাড়া দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সরকার বেসরকারি খাতের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়াই তার সরকারের লক্ষ্য।
রোববার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অনুষ্ঠানে ২০১১-২০১২ ও ২০১২-২০১৩ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি একসঙ্গে বিতরণ করা হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে ১১১টি প্রতিষ্ঠানকে দেওয়া হয় জাতীয় রপ্তানি ট্রফি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া। আর এ জন্যই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করি। আমি কারাগারে বসে সুনির্দিষ্ট কর্মসূচি তৈরি করি। যার ওপর ভিত্তি করে আমরা নির্বাচনের পর কাজ করি। আমরাই বেসরকারি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই।’
তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন হাওয়া ভবনে পাওনা বুঝিয়ে না দিলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেন না। কিন্তু আমরা সরকার গঠন করার পর অনুকূল পরিবেশ তৈরি করি, যাতে ব্যবসায়ীরা সহজে ব্যবসা-বাণিজ্য করতে পারেন। মোবাইল ফোন, ব্যাংক, বিমা, হাসপাতাল সব ক্ষেত্রেই বেসরকারি খাতকে সুযোগ সৃষ্টি করে দিই।’
শেখ হাসিনা বলেন, ‘২০০৯ সালে সরকার গঠনের সময় ছিল বিশ্ব অর্থনৈতিক মন্দা। তখন দেশে ব্যবসা-বাণিজ্যের অবস্থা খুবই খারাপ ছিল, সবার মধ্যে একধরনের ভীতি কাজ করত।’
তিনি বলেন, ‘সরকার ব্যবসা করতে আসেনি। আমরা ব্যবসায়ীদের পরিবেশ সৃষ্টি করে দিয়েছি। আর এর মাধ্যমেই দেশের উন্নতি হচ্ছে। এখন মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। আমরা যেমন রপ্তানি করব, আবার দেশেও একটা বাজার সৃষ্টি করব। যাতে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়।’
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘নতুন নতুন বাজার খুঁজে বের করুন। কোন দেশের কোন চাহিদা আছে তা খুঁজে বের করতে হবে। আর এর জন্য যে সহযোগিতা প্রয়োজন সরকার তা করবে।’
শেখ হাসিনা বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক মন্দা যদি না হতো, ইউরোর দাম না কমলে আমাদের রপ্তানির হিসাবটা বেশি দেখাতে পারতাম। এখন ৩০ বিলিয়নের ওপর আমাদের রিজার্ভ। প্রায় ৯০ লাখ লোক বিদেশে কাজ করে। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কাজেই আমি মনে করি দেশের সফলতার আপনারাও অংশীদার।’