বিনোদন ডেস্ক : অমিতাভ রেজা পরিচালিত আলোচিত সিনেমা আয়নাবাজি। আগস্ট মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু উত্তর বঙ্গের বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে ফের মুক্তির তারিখ পিছিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।
এ সম্পর্কে পরিচালক অমিতাভ রেজা বলেন, ‘আয়নাবাজির মুক্তির তারিখ কখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবু আগস্ট মাসে সিনেমাটি মুক্তির একটা কথা ছিল। আয়নাবাজি সব মানুষের সিনেমা। বাংলাদেশের সকল মানুষের সৃজনশীল বিনোদেনের জন্য সিনেমাটি নির্মিত হয়েছে। কিন্তু বর্তমানে উত্তর বঙ্গের বন্যা পরিস্থিতিএবং বৃষ্টির মৌসুমে সিনেমা হলের কথা বিবেচনা করে আয়নাবাজি এ মাসে মুক্তি পাচ্ছে না। কোরবানির ঈদের ঠিক পর পর সারা বাংলাদেশে সগৌরবে আয়নাবাজি মুক্তি পাবে।’
এর আগে কয়েক দফা মৌখিকভাবে মুক্তির তারিখ জানানো হলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি সিনেমাটি। এবারও পিছিয়ে গেল সিনেমাটির মুক্তি। তবে খুব শিগগিরই সিনেমার গান দর্শক শুনতে পাবেন বলেও জানিয়েছেন নির্মাতা।
একটি শহরের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। যে শহরে এখনো দুধওয়ালা আসে, ফেরিওয়ালা হাঁকডাক দেয়, বাচ্চারা দল বেঁধে নাটক শিখতে যায়। মহল্লার দোকানে চা খাওয়া, ঠাট্টা-মশকরা করে বখাটেরা। সিনেমাটির মূল কাহিনি ও ভাবনা গাউসুল আলম শাওনের। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন।
আয়নাবাজি সিনেমায় আয়না চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এতে নানারূপে দেখা যাবে তাকে। সিনেমার প্রধান নারী চরিত্র রূপায়ন করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
নাবিলা তার চরিত্র প্রসঙ্গে বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটি খুবই সাধারণ একটি মেয়ের। মেয়েটি শিক্ষিত। পুরান ঢাকায় থাকে। চরিত্রটি এতটাই সাধারণ যে কেউ এতে মিশে যেতে পারবে। যদিও আমি অভিনয়ের বেশিকিছু বুঝি না। তবুও কাজটি করে আমি আমার জায়গা থেকে পরিপূর্ণভাবেই তৃপ্ত। শুটিংয়ের দিনগুলো আমি খুব মিস করি। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
সিনেমার আরেক গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন ইফফাত তৃষা। এছাড়া আরো অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, গাউসুল আলম শাওন, এজাজ বারী, হীরা চৌধুরী, সোহেল প্রমুখ।
চলতি বছরের ৭ জুন পুরান ঢাকায় দৃশ্যধারণের মাধ্যমে শুরু হয় এ সিনেমার যাত্রা। এরপর টানা তিন মাস কাজ করে আগস্টের শেষে দৃশ্যধারণের কাজ শেষ করেন নির্মাতা অমিতাভ রেজা। পল্টন, কোক স্টুডিও, জজ কোর্টসহ ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়।

