বিনোদন ডেস্ক : বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীও হতে চলেছেন তিনি। বলিউড ছাড়িয়ে তার খ্যাতি এখন পশ্চিমা বিশ্বেও।
তবুও বলিউড ক্যারিয়ারে একটি দুঃখ বয়ে বেড়ান এ অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ দুঃখের কথা জানান দীপিকা। তিনি বলেন, ‘বলিউডে অনেক সিনেমায় অভিনয় করেছি। অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছি। এখনো করছি । কাউকেই অসম্মান করছি না। কিন্তু সারাজীবন একটা দুঃখ থেকে যাবে- আমি যশ চোপড়ার কোনো সিনেমায় নায়িকা হতে পারলাম না। ছোটবেলা থেকেই যশ চোপড়ার সিনেমার নায়িকাদের আমার পছন্দ ছিল। যশ চোপড়া আমাকে খুব পছন্দ করতেন, আমিও তাকে খুব পছন্দ করতাম।’
২০১২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে পরলোক গমন করেন যশ চোপড়া। এ গুণী নির্মাতার পরিচালিত শেষ সিনেমা ছিল জাব তাক হ্যায় জান। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ।
দীপিকা বর্তমানে ব্যস্ত রয়েছেন তার হলিউড সিনেমা এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার কাজ নিয়ে। এছাড়া সামনে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পদ্মাবতী সিনেমায় দেখা যাবে তাকে।

