স্পোর্টস ডেস্ক : কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে শ্রীলঙ্কা হেরেছিল ৩ উইকেটে। একই মাঠে বুধবার অসিদের ৮২ রানের বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল স্বাগতিকরা।
এদিন টস জিতে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু ১২ রানেই দুই ওপেনার ধানুস্কা গুনাথিলাকা ও তিলকরত্নে দিলশানকে হারিয়ে বিপদে পড়ে যায় তারা।
তৃতীয় উইকেটে ১২৫ রানের বড় জুটি গড়ে শ্রীলঙ্কাকে পথ দেখান কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল। চান্দিমাল ২ রানের জন্য টানা ষষ্ঠ ফিফটি মিস করলেও মেন্ডিসের ব্যাট থেকে আসে ৬৯ রান।
এরপর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস (৫৭) ও কুশল পেরেরার (৫৪) ফিফটিতে ৩০০-প্লাস সংগ্রহেরই ইঙ্গিত দিচ্ছিল স্বাগতিকরা। কিন্তু মাত্র ২৭ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতেই ২৮৮ রানে অলআউট হয়ে যায় তারা।
অস্ট্রেলিয়ার ষষ্ঠ বোলার হিসেবে এদিন হ্যাটট্রিক করেছেন জেমস ফকনার। ৯ ওভারে ৪৫ রান দিয়ে ওই ৩টি উইকেট নিয়েছেন তিনি। ৩টি করে উইকেট পেয়েছেন আরেক পেসার মিচেল স্টার্ক ও স্পিনার অ্যাডাম জাম্পাও।
২৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়াও শুরুতেই হোঁচট খায়। ১৬ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (১) ও অ্যারন ফিঞ্চ (৪)।
এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়ে ৪৭.২ ওভারে ২০৬ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। উইকেটকিপার-ব্যাটসম্যান ম্যাথু ওয়েড (৭৬) ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে ট্রাফিস হেডের ব্যাট থেকে।
আগের ম্যাচে অভিষিক্ত লঙ্কান বাঁহাতি স্পিনার অ্যামিলা আপনসো ৯.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। এ ছাড়া থিসারা পেরেরা ৩টি ও ম্যাথুস নেন ২টি উইকেট।

