নিজস্ব প্রতিবেদক : পুরাতন হাইকোর্ট ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। তিনি বলেন, ‘চিঠিটি আজ (মঙ্গলবার) হাতে পেয়েছি।’
এদিকে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার আইন মন্ত্রণালয়ে চিঠিটি পাঠানো হয়।
বিচারকদের ‘স্থান স্বল্পতার কারণে’ এবং ‘স্থান সংকুলানের জন্য’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সরাতে এই চিঠি দেওয়া হয় বলেও সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, ২০১০ সালের ২৫ মার্চ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-২ নিষ্ক্রিয় করে ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পুরাতন হাইকোর্ট ভবনে চলছে। এ পর্যন্ত ২৮টি মামলার চূড়ান্ত নিষ্পত্তি করেছে ট্রাইব্যুনাল। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচজনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

