বিনোদন ডেস্ক : সেরা অভিনেত্রী ও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী সোনম কাপুর ও নওয়াজউদ্দিন সিদ্দিকি।
‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন ২০১৬’ এর সেরার পুরস্কার জিতেছেন তারা।
বিমানবালা নিরজা বানোতের বায়োপিক ‘নিরজা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন সোনম।
‘রামন রাঘব ২.০’ সিনেমার জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন নওয়াজউদ্দিন।
অনিল কন্যা তার এই পুরস্কার বানোত পরিবারের জন্য উৎসর্গ করেছেন। এ প্রসঙ্গে সোনম বলেন, ‘২৩ বছরের এক নারীর বাস্তব জীবন কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। এতে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি বানোত পরিবারকে ধন্যবাদ জানাই। আর বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রয়াত মাকে (নিরজা)। যিনি কিছু দিন আগে মারা গেছেন।’
এ ছাড়া এ অনুষ্ঠানে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে শকুন বাত্রার ‘কাপুর অ্যান্ড সন্স’। পাশাপাশি পরিচালক লিনা যাদবের ‘পার্চড’ সিনেমা পেয়েছে ইন্ডিফিল্ম ক্যাটাগরিতে সেরা সিনেমার সম্মান। সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন লিনা। অভিনেতা ঋষি কাপুরকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।

